পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন ও বাস ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা দলের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য সড়ক অবরোধে নামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার হলেও এক্সপ্রেসওয়েতে সরাসরি যান চলাচল এখনো বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়া দুটি যাত্রীবাহী বাসেও ভাঙচুর চালানো হয়।
জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে যানবাহনের নিরাপত্তা দেন। আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই অবস্থায় জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার জানান, “গতকাল ঢাকার ধোলাইপাড় এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ পদ্মা সেতুতে অবরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হবে।”
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “সকাল থেকে এক কিলোমিটার পশ্চিমে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সরানোর চেষ্টা করছে। দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দিয়েছে। যদিও সাড়ে ৮টার পর কিছু যানবাহন সেতু পারাপার শুরু করেছে, এক্সপ্রেসওয়েতে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।”