হাফভাড়া নেওয়াকে কেন্দ্র করে বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

হাফভাড়া নেওয়াকে কেন্দ্র করে বরিশালে অর্ধশতাধিক বাস ভাংচুর, আগুন। ছবি: সংগৃহীত

বরিশালে হাফভাড়া না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। ঘটনার সময় কয়েকটি বাসে আগুনও ধরা হয়।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, “কলেজ বন্ধের দিনও হাফভাড়া নিয়ে এক বাস শ্রমিকের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ হয়। এরপর বিএম কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসগুলো ভাঙচুর করেছে এবং শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।”

বিএম কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, “হাফভাড়া আমাদের অধিকার। মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থীকে হাফভাড়া দিতে চাওয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে আমরা স্ট্যান্ডে এসে শ্রমিকদের বিচার দাবি করি, তখন আমাদের ওপর হামলা চালানো হয়।”

ওসি মামুন উল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পাওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495