ফরিদপুরে বিএনপি কর্মীর থাপ্পড়ে প্রাণ গেল বৃদ্ধের, থানায় অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:২১ এএম
ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা ধুলটপাড়া গ্রামে মো. সোহেল শেখ নামে এক বিএনপি কর্মীর মারধরের ফলে শামসুল শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের দ্বিতীয় স্ত্রী লিপি বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
জানা গেছে, শামসুল শেখের প্রথম স্ত্রীর দুই ছেলে রনি শেখ (৩২) কানাডা এবং রাকিব শেখ রাজ (২৭) স্পেনে বসবাস করেন। গত বছর রনি ফরিদপুর সদরের কানাইপুর এলাকার নাজমুল হাসানের দুলাভাইকে টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে বিদেশে নিতে না পারায় নাজমুল ও তার পক্ষ থেকে রনির পরিবারের ওপর টাকা ফেরতের চাপ দেওয়া হচ্ছিল।
নিহতের প্রথম স্ত্রী রিনা বেগম বলেন, “গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাজমুল হাসান, বিএনপি কর্মী মো. সোহেল শেখ, মনির পাটোয়ারী ও তুজাম শেখ বাড়িতে এসে গালিগালাজ ও হুমকি দেয়। আমার স্বামী হার্ট ও ডায়াবেটিসের রোগী ছিলেন। এ অবস্থায় সোহেল শামসুল শেখকে থাপ্পড় মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় ভোরে তিনি মারা যান।”
নিহতের ছেলে রাকিব শেখ জানান, “আমাদের পরিবারের কাছে চাওয়া টাকা আগেই দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি কর্মী সোহেল ৬ মাস আগে জোর করে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং পুনরায় ৬ লাখ টাকা দাবি করেন। আমরা দুই ভাই বিদেশে থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি।”
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত.ম. মাসুদ পারভেজ বলেন, “বিদেশে পাঠানোর বিষয়ে টাকা লেনদেন ছিল, কিন্তু বাড়িতে গিয়ে মারধর করা সম্পূর্ণ বেআইনি। পুলিশ সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে।”
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, “নিহতের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।”