কুড়িগ্রামের রাজিবপুরে বিএনপি–সহ বিভিন্ন দলের ৬০ নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

ছবি : মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রাজিবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুবালিয়াপাড়া, মিয়াপাড়া, বাউলপাড়া, স্লুইচগেট ও জাউনিয়ারচর এলাকার বিএনপি–সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬০ জন নেতা-কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ধুবালিয়াপাড়া গ্রামের একটি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলার সাবেক আমির ও কুড়িগ্রাম-৪ (২৮) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

 

ছবি : মনোযোগ প্রকাশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, যুব বিভাগ রাজিবপুর উপজেলা সভাপতি মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ আবু তালেব, রাজিবপুর সদর ইউনিয়ন আমির মাওলানা মফিজুল হক এবং ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক মোঃ আব্দুস সবুরসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান (মোস্তাক) ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারী নেতাকর্মীদের বরণ করে নেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। জনগণ কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে আর ভোট দেবে না—আদর্শিক নেতৃত্বই হবে আগামী দিনের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় যাওয়া বা মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন, মৌলিক অধিকার নিশ্চিত করা ও সেবক হিসেবে কাজ করাই জামায়াতের লক্ষ্য। কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই হবে আমাদের মূল প্রতিশ্রুতি।”

নতুন যোগদানকারীদের উদ্দেশে বিশেষ অতিথি মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ বলেন, “জামায়াতে ইসলামী দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের জন্য সবসময় উন্মুক্ত। আজকের এই যোগদানের মাধ্যমে রাজিবপুরে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে। আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নমুখী রাজনীতি অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

যোগদানকারী নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি রাজনৈতিকভাবে রাজিবপুরে এক নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।

 

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495