সরকারি আশেক মাহমুদ কলেজে জামালপুরে প্রভাষকদের কর্মবিরতি
মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও প্রকাশ না হওয়া পর্যন্ত “No Promotion, No Work” কর্মসূচি পালন করছে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষকরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলেজের একাডেমিক ও পরীক্ষা ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের মোট ৩৫ জন প্রভাষক এই কর্মবিরতিতে অংশ নেন।
বক্তব্য দেন ৩৩তম বিসিএসের প্রভাষক মোঃ বেলাল হোসাইন, ৩৪তম বিসিএসের মোঃ আসলাম হোসাইন, ৩৫তম বিসিএসের মোঃ মোজাহিদুর রহমান, এবং ৩৩তম বিসিএসের এস. এম. জাকিয়া জাহান।
বক্তারা বলেন, “৩২ থেকে ৩৭তম বিসিএস ব্যাচ পর্যন্ত সকল যোগ্য প্রভাষকের প্রাপ্য পদোন্নতির জিও অবিলম্বে প্রকাশ করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলমান থাকবে।”
প্রভাষক পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিটের আয়োজিত এই কর্মসূচির প্রতি সম্পূর্ণ সংহতি জানিয়ে শিক্ষকরা জানান, “পদোন্নতি না হলে ক্লাস নয়, কাজও নয়।”
শিক্ষাঙ্গনে ন্যায্য দাবি আদায়ে এমন ঐক্যবদ্ধ অবস্থানের কারণে বিষয়টি এখন জেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।