মাগুরায় নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলায় এক নারী এনজিও কর্মীর সাহসিকতার কারণে তিন ছিনতাইকারী পালাতে বাধ্য হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তাকে আটকিয়ে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নারী কর্মীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় ছিনতাইকারীরা একটি পিস্তল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী বলেন, “নির্জন রাস্তায় একা পেয়ে তারা আমার টাকা ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় তাদের হাত থেকে পিস্তলটি ছিটকে পড়ে। লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।” তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার গলার চেইন ও ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগ নিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষা করা হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495