বিয়ের দাওয়াত না দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সকালে হওয়া এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার সকালে শাহিনের পক্ষের লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।