যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অভিযোগে এক যুবককে শারীরিক নির্যাতনের পর নাকে খত দিয়ে গ্রামে ঘোরানোর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও রবিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার রসুল আলী ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরি হয়। পরেরদিন বিকেল ৪টার দিকে ‘সালিশের’ নামে রসুল আলীকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে আসা হয়। পরে তাকে চুরির অভিযোগ দিয়ে ভায়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি শারীরিকভাবে নির্যাতন করেন।

ভিডিওতে দেখা যায়, যুবককে মাটিতে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরানো হচ্ছে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। একপর্যায়ে তাকে তুলে কান ধরে উঠবস করানো হয় এবং মারধর করে গ্রাম থেকে বের করা হয়। এ ঘটনায় সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যদি বিএনপির কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “এ ধরনের আইনবিরুদ্ধ ঘটনা কাম্য নয়। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495