কোট-স্যুট গায়ে দিয়ে যশোর সার্কিট হাউসে হাজির ভুয়া সচিব, অতঃপর...

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৬ এএম

ছবি: সংগৃহীত

গায়ে কোট-স্যুট, আচরণে গাম্ভীর্য- নিজেকে কখনো অতিরিক্ত সচিব, কখনো জেলা প্রশাসক পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউসে বারবার অবস্থান করেছিলেন এক ব্যক্তি। তিন মাসে তিনবার ভিন্ন পরিচয়ে সরকারি সুবিধা ভোগের পর অবশেষে ধরা পড়লেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আব্দুস সালাম (৬৭) নামে ওই ব্যক্তিকে প্রতারণার অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জেলা প্রশাসন জানায়, গত তিন মাসে তিনবার তিনি সার্কিট হাউসে উঠে নিজেকে রংপুরের জেলা প্রশাসক বা বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়েছেন। ওই পরিচয়ে সার্কিট হাউসের থাকা-খাওয়াসহ সব সরকারি সুবিধা গ্রহণ করতেন তিনি। অথচ বাস্তবে তিনি ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।

আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, কয়েক বছর ধরেই আব্দুস সালাম অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হেফাজতে থাকার সময় তিনি নিজের অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495