টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দেলদুয়ারের এলাসিন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জুয়েল সরকারের সমর্থকেরা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকেরা লিফলেট বিতরণ করছিলেন। এ সময় দুই পক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাভলুর সমর্থকেরা জুয়েল সরকারের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পালটা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৭ জন আহত হন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেলদুয়ার থানার ওসি সোয়েব খান বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495