গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরের গভীর বঙ্গোপসাগরে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠে আসে প্রায় তিন মণ ইলিশ।

কয়লাবাহী লাইটার জাহাজ এমভি কেএসএল গ্লাডিয়েটর-এর নাবিকরা হঠাৎ এক অপার্থিব বিস্ময়ের মুখোমুখি হন।

জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন বলেন, “গত বৃহস্পতিবার দুপুরে আমরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে যাচ্ছিলাম। হঠাৎ ছোট ছোট ইলিশের দল জাহাজের দুই পাশে লাফিয়ে উঠে একদম ‘ইলিশ-বৃষ্টি’ ঘটায়। আনুমানিক তিন মণ মাছ আমরা যতটা পারলাম ডেকে নিলাম, বাকিটা আবার সাগরে পড়ে গেল।”

রবিউল হোসেন সেই মুহূর্তের ১০ সেকেন্ডের ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়- সমুদ্রের বুকে রুপালি ইলিশের দল একসাথে লাফাচ্ছে, আর জাহাজের ডেকে পড়ছে মাছের ঝাঁক। নাবিকরা বলছেন, “এ ধরনের দৃশ্য জীবনে একবারই দেখা যায়।”

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। তিনি বলেন, “সমুদ্রে বড় শিকারি মাছ, যেমন টুনা বা ম্যাকারেল, ইলিশকে তাড়া করলে ছোট মাছগুলো আতঙ্কিত হয়ে জাহাজের আলো বা শব্দের দিকে ছুটে আসে। জাহাজের পাশে পানি সরু হলে মাছগুলো লাফিয়ে উপরের দিকে চলে আসে, আর তখন ডেকে পড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। এছাড়া জাহাজের নেভিগেশন লাইট, ইঞ্জিন কম্পন ও প্রপেলার শব্দও ছোট মাছকে আকৃষ্ট বা বিভ্রান্ত করতে পারে।”

নাবিকরা জানান, এমন বিস্ময়কর দৃশ্য তাদের জন্য একেবারেই অনন্য অভিজ্ঞতা হয়ে গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495