ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে।
নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ওয়েলকাম পরিবহনের একটি বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পেছনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পথে আরও দুইজনের মৃত্যু হয়। সংঘর্ষের কারণে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, তিনি অন্য একটি গাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ভাঙ্গাগামী বাসটি বিকট শব্দ করে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসের সামনের যাত্রীদের ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।
ওসি জহুরুল ইসলাম বলেন, “বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।”