পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দে লাফ, স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

বিএনপির নেতা ফরিদুল আলম ফরিদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে এমপি প্রার্থীকে হিসেবে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণার খবর শুনে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন এক স্থানীয় নেতা। ঠিক সেই মুহূর্তেই স্ট্রোক করে মৃত্যু হয় তার। মৃত্যুবরণকারী এ নেতার নাম ফরিদুল আলম ফরিদ। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে ঘটনাটি ঘটে। বিএনপির এ নেতা ওই গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

দলীয় নেতাদের বরাতে জানা যায়, কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফা তালিকায় সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম ঘোষণা হওয়ার খবর সন্ধ্যায় ফরিদকে জানানো হয়। বাড়িতে বিশ্রামরত অবস্থায় খবরটি শুনে তিনি আনন্দে চিৎকার করে উঠে দাঁড়ান এবং লাফ দিতে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ফরিদ ছিলেন অত্যন্ত নিবেদিত ও পরিশ্রমী কর্মী। ইউনিয়নের প্রতিটি কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। মনোনয়ন নিয়ে তিনি বিশেষভাবে উৎসাহিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495