মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (৬ নভেম্বর) দুপুরে হাজরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মণ্ডলের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় আজিজুল ইসলাম ওরফে আজিজার রহমান (৩৮) গুরুতর আহত হন। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজিজুলের মৃত্যুর পর সোমবার উভয়পক্ষ আবারও রামনগর এলাকায় মুখোমুখি হয়ে হামলা–সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে ফরিদ মোল্লা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০), আব্দুল মণ্ডল (৫০), সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মণ্ডল (৫৪), নান্নু মণ্ডল (৪০), তালেব মণ্ডল (৮২), তুরফান মণ্ডল (৪৭), আওয়াল মণ্ডল (৬২)সহ দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সবাই বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রামনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।” তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495