আমার মুখটা ঢেকে দিয়েছিলেন সহকর্মীরা, খোদা তাদের মঙ্গল করুন: মাহফুজ আলম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সহকর্মীদের ভূমিকা এবং রাজনৈতিক চাপের কারণে উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন।

বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জের উন্নয়নের জন্য সরকারের কয়েকজন উপদেষ্টার দ্বারে দ্বারে ঘুরেও তিনি প্রত্যাশিত সহযোগিতা পাননি। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে সহকর্মীরা তাকে সহায়তা করা থেকে বিরত ছিলেন বলে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন।

ফেসবুকে মাহফুজ লিখেন, ‘‘আজকে হাসনাতের সংসদে ‘আকুতি’ দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪/৫ জন জন উপদেষ্টার কাছে গিয়েও কোন হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে/ সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/ আমাকে কোন সহযোগিতা করেননি।’

মাহফুজ আরও বলেন, ‘হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর, আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাদের মঙ্গল করুন। অন্তরীণ সরকার কীভাবে চলত, এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হল। গুঞ্জন আর নানা হিসাবের বাইরে তো অনেক সত্য আছে!!’

শেষে মাহফুজ বলেন, ‘‘পুনশ্চ: আমি যে মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত ১৫ বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসা এমপিও ভুক্ত হয়নি। কারণ, আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে! আর, সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি!!’’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495