‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ঈমান আলী?

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৪১ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া “রাগ করলা, কথা ঠিক না বেঠিক” সংলাপটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেট দুনিয়ায়। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে এই সংলাপ ব্যবহার করে তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও। অনেকেই ভেবেছিলেন, এটি কোনো বাস্তব কবিরাজের বক্তব্য। তবে পরে জানা গেছে, পুরো বিষয়টি ছিল অভিনয়ের অংশ।

অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ওই ‘কবিরাজ’-এর আসল নাম ঈমান আলী। তিনি পেশায় একজন অভিনেতা। প্রায় ২০ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই তার পেশায় পরিণত হয়। বর্তমানে তিনি বিভিন্ন ভিডিও নির্মাতা ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক নানা ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ভিডিওতে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার অভিব্যক্তি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিতে বলা “রাগ করলা, কথা ঠিক না বেঠিক” সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাইরাল হয়।

বর্তমানে সাধারণ দর্শক থেকে শুরু করে বিভিন্ন কনটেন্ট নির্মাতারাও এই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন।

ঈমান আলী জানিয়েছেন, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়াই ছিল তার লক্ষ্য। তিনি বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন, ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। ভবিষ্যতেও মানুষের বিনোদনের জন্য কাজ করে যেতে চান বলেও জানান তিনি।

এদিকে হঠাৎ জনপ্রিয়তা পাওয়ায় তার এলাকায়ও তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন ঈমান আলী। তবে একটি সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495