সরকার দেশের ভেতরে ইমেজ হারিয়ে ফেলেছে: গোলাম মাওলা রনি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান সরকার দেশের ভেতরে নিজেদের কোনো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারেনি, বরং উল্টো ইমেজ সংকটে পড়েছে।

তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসাতে জনসমাগম বা চাপ সৃষ্টি করা হয়েছে, যা দেশ ও বিদেশে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৬০ দিনের মধ্যেই দেশ-বিদেশে কোনো ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে পারেনি, বরং বিভিন্ন ক্ষেত্রে ইমেজ সংকট তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, গণতন্ত্র, বিচারব্যবস্থা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জুলাই-আগস্ট বিপ্লবের সময়ের ঘটনা তদন্ত, নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি ও দলটির ভবিষ্যৎ নিষিদ্ধকরণসহ অন্তত শতাধিক ইস্যুতে সরকার চাপের মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের যাত্রা শুরুর পর নানা ধরনের প্রাকৃতিক, মানবসৃষ্ট, বৈশ্বিক ও যুদ্ধসংক্রান্ত পরিস্থিতির কারণে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, যা সরকারের কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব পরিস্থিতিকে তিনি ব্যক্তিগতভাবে এক ধরনের খোদায়ি গজব বলেও মন্তব্য করেন।

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুটি সম্ভাব্য পরিণতি হতে পারে। তিনি লড়াই করে তার পিতা জিয়াউর রহমানকে অতিক্রম করে আরও শক্তিশালী রাষ্ট্রনায়ক হতে পারেন, আবার পরিস্থিতির কারণে রাজনৈতিকভাবে কঠিন সিদ্ধান্তের মুখেও পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495