ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটিকে আল্লাহর পক্ষ থেকে গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “এ ধরনের ভূ-কম্পনই একদিন মহাপ্রলয়ের রূপ নেবে।” এ প্রসঙ্গে তিনি সুরা হাজ্জের প্রথম আয়াত উদ্ধৃত করেন, যেখানে কিয়ামতের ভয়াবহ কম্পনের কথা বর্ণিত হয়েছে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ভূমিকম্পের মাত্রা যদি আর একটু বেশি হতো, অনেকের জীবনই আজ থেমে যেতে পারত। তাই এই ঘটনা আমাদের জন্য বড় ধরনের সতর্ক সংকেত।
মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “আসুন, দেরি না করে তওবা করি, আল্লাহর কাছে সমর্পিত হই এবং নিজেদের প্রস্তুত রাখি।”
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তাদের বাসা যে এলাকায়, সেখানে বালুমাটির কারণে বড় যানবাহন গেলেও বাড়ি কেঁপে ওঠে। কিন্তু আজকের কম্পন তার জীবনে অনুভূত সবচেয়ে ভয়াবহগুলোর একটি।
পোস্টের শেষে তিনি বলেন, কেন আমাদের বারবার প্রস্তুত থাকতে বলা হয়, কেন তওবা করতে দেরি করা উচিত নয়—আজকের ঘটনাই তা আবার মনে করিয়ে দিল। তিনি আল্লাহর কাছে সবার তাওফিক কামনা করেন।