একদিনের সফরে যশোরের পথে প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত

একদিনের সফরে যশোরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল প্রায় সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গুলশান থেকে বিমানবন্দরে এসে যশোরগামী ফ্লাইটে ওঠেন সরকারপ্রধান।

যশোর সফরে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে সকাল ১১টা ১৫ মিনিটে শার্শা এলাকায় উলশী খাল খনন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দিনের কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, এমনটাই জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495