তেজগাঁও কলেজে ছাত্রদলের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবের মৃত্যু
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হওয়া উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা শেষ পর্যন্ত বাঁচলেন না।
আইসিউতে চার দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে তিনি বুধবার (১০ ডিসেম্বর) হাসপাতালে মারা যান। খবরটি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।
অধ্যক্ষ জানান, সাকিবের মৃত্যুতে কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, “সাকিব আমাদের মাঝে আর নেই। তার এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। এখন ভাষায় প্রকাশ করার মতো কিছুই নেই।”
গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে সাকিবসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য দুজন হলেন হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি ছাত্রদল গ্রুপের সহায়তায় জান্নাত তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন। হলের শিক্ষার্থীরা জানান, তরুণ–সেলিম গ্রুপের কার্যকরী সদস্য মোমেন পালোয়ান পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি তরুণ গ্রুপের ক্ষমতা ব্যবহার করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছেন এবং মাদক সেবনসহ বহিরাগতদের নিয়ে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেই তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানির ঘটনাও ঘটে। তাদের দাবি, ভর্তি বাণিজ্য থেকে শুরু করে ফর্ম পূরণের ক্ষেত্রেও ছাত্রদলের সুস্পষ্ট প্রভাব রয়েছে।