আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি: রাকসু জিএস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার অভিযোগ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে দেওয়া তার আল্টিমেটামের কারণে ছাত্রদল ও বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষিপ্ত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেসবুকে তিনি লিখেছেন, “আল্টিমেটাম দিলাম, যারা আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে ক্যাম্পাসে প্রবেশ করবে তাদের জোহা চত্বরে বেঁধে রাখবো। এর ফলে রেগে গেছে ছাত্রদল ও বিএনপি। ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিয়েছে, বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ করছে, তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “ছাত্রদলের আহ্বায়ক ভিসির চেয়ারসহ পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন। ছাত্রদলের এক নেতা ঘোষণা দিয়েছেন ৩০ মিনিটে তালা মেরে দেবেন। আমি বলছি, ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত যারা ক্যাম্পাসে কুকুর-বিড়ালের মতো বসে আছে, তারা কোনো কল্যাণে আসছেন কি, একটু ভেবে দেখুন।”

সালাহউদ্দিন আম্মার বলেন, “রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব অনুযায়ী সব কাজ করছি। মেয়াদ উত্তীর্ণ কোনো অছাত্রকে রাকসুর আশপাশেও দেখব না। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাত করব, সাহস থাকলে আসুন।”

এর আগে তিনি বৃহস্পতিবার ফেসবুকে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং এদের চেয়ারে দেখলে ‘বাকিটা বুঝিয়ে দেব’ হুঁশিয়ারিও দিয়েছিলেন। এছাড়া শুক্রবার তিনি জানিয়ে দেন, আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক-কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।

এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রোববার (২১ ডিসেম্বর) রাতে উপাচার্যের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ছয়জন আওয়ামীপন্থি ডিন দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495