বিয়ের আসর থেকে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দিন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ব্যক্তিগত এই আনন্দঘন আয়োজনেও উঠে এসেছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি।

বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন হাতে তিনটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা— ‘জাস্টিস ফর হাদি’। প্ল্যাকার্ড হাতে তোলা সেই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তারা শহীদ ওসমান হাদির কবর জিয়ারতও করেন।

ফরহাদের জীবনসঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের পরিকল্পনা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল।

এদিকে রাঙামাটির বাসিন্দা এস এম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495