ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। এর অংশ হিসেবে হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে হল সংসদের ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হল সংসদের ছাত্র প্রতিনিধিদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ক্রিকেট ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে না। পাশাপাশি ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন এবং নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
হল সংসদ তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও বিশেষ অনুরোধ জানায়। ভারতের মাটিতে আয়োজিত যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা উচিত কি না, তা নতুন করে বিবেচনার সময় এসেছে বলে তারা মত প্রকাশ করে।
এদিকে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।