মধ্যরাতে উত্তাল শাবিপ্রবি, শাকসু নির্বাচন স্থগিতের শঙ্কায় বিক্ষোভ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আগামী ২০ জানুয়ারি। নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থী ও শিক্ষার্থীদের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
তবে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। এই প্রজ্ঞাপনের পরই শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।
তিনি বলেন, ইসির জারি করা প্রজ্ঞাপনটি যদি কার্যকর হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ ঘোষণার পরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।