রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এ দাবিতে আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এছাড়া একই দিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে রাবি শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল এ কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রদলের এ দাবির বিষয়ে জানতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একজন সচেতন শিক্ষার্থীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। ক্যাম্পাসে সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। রাকসুর জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা থাকলেও তিনি এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছে। এ কারণে তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার মানসিক চিকিৎসার জোর দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো একটি ব্যানার খুলে ফেলেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ব্যানার অপসারণের জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
এ ঘটনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতের অভিযোগসহ সাম্প্রতিক নানা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।