শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন (শাকসু) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনী দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকেরা। তাদের দাবি, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন বলেন, শাকসু নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তারা শুরু থেকেই সহযোগিতা করে আসছেন। তবে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিএনপিপন্থি শিক্ষকদের বিরুদ্ধে নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। এমন পরিস্থিতিতে তারা নির্বাচনী দায়িত্ব পালন করলে ভবিষ্যতে আবারও দোষারোপ করা হতে পারে। এ কারণে জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকেরা নির্বাচনে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অন্য শিক্ষকদেরও দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইলেকশন কমিশন গঠনের পর একাধিকবার পরিবর্তন আনা হয়েছে এবং ভিসি এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপিপন্থি শিক্ষকেরা কোনো বিরোধিতা করেননি কিংবা নির্বাচনবিরোধী কোনো বক্তব্যও দেননি।

অধ্যাপক ড. আশরাফ উদ্দীন অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একটি হল দখলের ঘটনা ঘটে। হলে ওঠার জন্য নীতিমালা তৈরি করে পরে তা বাতিল করা হয়। এ ছাড়া নির্বাচন স্থগিতের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি আসার বিষয়েও শিক্ষক সমাজ অবগত ছিল না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করেই ভিসি ও ট্রেজারার একক সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে—একটি পক্ষ নির্বাচনের পক্ষে, অন্যটি বিপক্ষে। আন্দোলনের মাধ্যমে নির্বাচনের তারিখ আদায় করাকে তারা সঠিক মনে করেন না। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ ও সহাবস্থান বজায় রাখতেই তারা এ অবস্থান নিয়েছেন বলে জানান বিএনপিপন্থি শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আতিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495