শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা জুনায়েদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩০ এএম

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মো. জুনায়েদ হাসানকে। তিনি শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাকসু নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জুনায়েদ হাসানকে তার সাংগঠনিক পদসহ ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দলটির সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে টানা দুইদিন আন্দোলন করলেও এর বিপরীতে জুনায়েদ হাসান শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন।

এর আগে গত ১৭ জানুয়ারি বিকেলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র সংসদ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি স্বতন্ত্র শিক্ষার্থী প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি দলীয় প্রভাবমুক্ত থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে জুনায়েদ হাসান বলেন, যতই দলীয় চাপ আসুক, তিনি ভয় পান না এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495