রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি চলাকালে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, সম্প্রতি ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে তারা এই দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন। তার দাবি, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের ওপর নতুন রক্তক্ষরণের দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মতোই এখনো গুপ্ত রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা সোচ্চার।
তিনি আরও বলেন, গুপ্ত রাজনীতি নিপাত যাক, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক—এই স্লোগান সামনে রেখে তারা এই কর্মসূচি চালাচ্ছেন। সব ছাত্রসংগঠনকে তাদের আদর্শ প্রকাশ্যে উপস্থাপন করে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তার অভিযোগ, তারা দেশে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে চায়। তিনি বলেন, ছাত্রশিবির যদি রাজনীতি করতে চায়, তবে তা প্রকাশ্য ও স্বচ্ছভাবে করতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, গোপন রাজনৈতিক কার্যক্রম শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি এবং বিশ্ববিদ্যালয়ে এর কোনো স্থান নেই।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদমূলক দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়।