ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেছেন, তাকে যেভাবে মারধর করা হয়েছে, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তার ভাষায়, ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে তাকে দেখতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নিজের ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেন জুবায়ের।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হন ডাকসুর দুই নেতা—যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ঘটনাস্থলে তাদের মারধর করা হয় বলে জানা গেছে।
ইসলামী ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত।
ঘটনার পর আহত জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ওসি কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ লোকজন অবস্থান নেন, ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে এ পরিস্থিতি চলার পর তাদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে আনা হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিকৃত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে যায়। এ সময় সংঘর্ষে ডাকসুর দুই শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন আহত হন।