সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
গুজব ও উসকানিমূলক অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই সঙ্গে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা লিখিত একটি আবেদনও জমা দেন।
ছাত্রদল নেতারা জানান, তাদের অভিযোগের ভিত্তিতে উপাচার্য বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন রাজনৈতিক চর্চার নামে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এ সময় ছাত্রদল নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলে তারা দায়িত্বশীল রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করতে চান।