বাকৃবিতে খালেদা জিয়া হলের হাউস টিউটর সাবেক ছাত্রলীগ নেত্রী!
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:১২ এএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনির্মিত বেগম খালেদা জিয়া হলে হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত হল কমিটির সাবেক সহ-সভাপতি সানজিদা ইয়াসমিন ইতু। একজন সাবেক ছাত্রলীগ নেত্রীকে খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত হলে দায়িত্ব দেওয়ায় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২০ অক্টোবর নারী শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে বেগম খালেদা জিয়া হল উদ্বোধন করা হয়। ওই হলের হাউস টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের প্রভাষক সানজিদা ইয়াসমিন ইতু।
তথ্য আরও জানায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত কমিটিতে বেগম রোকেয়া হলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় ইতুকে।
অভিযোগের বিষয়ে সানজিদা ইয়াসমিন ইতু বলেন, “আমার ছাত্রলীগে পদ ছিল ঠিকই, কিন্তু আমি কখনো অ্যাকটিভ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। তখনকার সময়ে মেরিটের ভিত্তিতেই শিক্ষার্থীদের নাম কমিটিতে যুক্ত করা হতো—আমার ক্ষেত্রেও তাই হয়েছিল।”
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, “সাধারণত জুনিয়র লেভেলের শিক্ষকরাই হাউস টিউটর হন। কিন্তু এখন সে ধরনের শিক্ষক পাওয়া খুবই কঠিন। হল পরিচালনা তো চালিয়ে যেতে হবে—সম্ভবত সেই বিবেচনায় প্রশাসন আগ্রহী শিক্ষকদেরই দায়িত্ব দিয়েছে। তবে বিষয়টি আমি খতিয়ে দেখবো।”