৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪১ এএম
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা কাজ করে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির ঘিঞ্জি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, পানি স্বল্পতা এবং সরু পথের কারণে অগ্নিনির্বাপণ কাজে বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, “বস্তির ঘনবসতি ও তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে আমাদের কর্মীদের প্রচুর কষ্ট করতে হয়েছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আগুনের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ।