রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩০ পিএম
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকালে মিরপুর-১১ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি রামিসার বাসার সামনে থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেন মিরপুর এ এইচ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিল ৮ থেকে ১০ বছর বয়সী শিশু। তারা ‘আমরা ন্যায়বিচার চাই’ এবং ‘রামিসার জন্য বিচার চাই’ স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তি এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় দ্রুত বিচার না হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে।
মিরপুর এ এইচ মডেল স্কুলের এক শিক্ষক বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দ্রুত বিচার না হলে অভিভাবকদের মধ্যে ভয় আরও বাড়বে।
অভিভাবকরাও এলাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সিসি ক্যামেরার যথাযথ ব্যবহারসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা আবারও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।