একা ঘরে মরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পল্লবী থানার পুলিশ মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম মূলত তার মেয়ের বাসায় থাকতেন। তবে তিনি আলাদা একটি কক্ষে একা থাকতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা একজন নার্সকে খবর দেন। ওই নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান, এরপর পুলিশকে জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কক্ষটি ছিল অপরিচ্ছন্ন, অগোছালো ও আবর্জনায় ভরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন অবহেলা ও পরিচর্যার অভাবে ছিলেন।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক সময় ও কারণ সম্পর্কে পরিবারের কাছ থেকে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, নুরজাহান বেগমের তিন ছেলে সমাজে প্রতিষ্ঠিত। তাদের একজন সরকারের যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন কানাডা প্রবাসী। তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495