ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকা, অলিগলিতে জলাবদ্ধতা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৩৯ এএম
টানা তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নামলেও নগরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও চরম ভোগান্তি।
রোববার (১৭ মে) ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলজট তৈরি হয়। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ে।
গত দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের ১৩টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর প্রভাবে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের পর ভোরে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এক ঘণ্টা বিরতির পর সকাল সাড়ে ৭টা থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়।
সকালের ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে এবং রাস্তায় হাঁটাচলা করা কঠিন হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃষ্টির কারণে ঢাকার তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা করা হয়েছে।
এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।