ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হিমন আদাবর থানা যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও মোটরসাইকেলচালক আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আদাবর ১৭/বি এলাকার মেহেদীর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

এডিসি মো. জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডে তার ভূমিকা ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হিমন সরাসরি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলচালক আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495