বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষার্থী মো. শিহাব হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ।

এর আগে বুধবার রাতে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে শিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, এ ধরনের ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। মাদ্রাসাগুলোতে এ ধরনের অভিযোগ প্রায়ই সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

বিচারক আসামির কাছে আইনজীবী রয়েছে কি না জানতে চাইলে শিহাব হোসেন জানান, তার কোনো আইনজীবী নেই। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী আট কার্যদিবসের মধ্যে এ রিমান্ড শেষ করতে হবে।

মঙ্গলবার রাতে বনশ্রীর সি ব্লকে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে ১০ বছর বয়সী শিশু আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ জানান, সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, শিহাব হোসেনের বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বলেও জানা যায়।

শিশু আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495