মিরপুর শাহ আলী মাজারে হামলার মামলায় গ্রেপ্তার ৩

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৩ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি শেখ সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে পাওয়া আসামি আরমান দেওয়ান (২৯) এবং এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আজম (২৬)।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আলী আকবর, বাপ্পা, বাবু, কাউসার, শেখ রাসেল, কাজী জহির, মিজান ও কাজী পনির। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শাহ আলী মাজারে হামলার ঘটনায় এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে মাদক সেবনের অভিযোগ তুলে মাজারে অবস্থানকারীদের মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন রাতে রেসমি বেগম নামে এক নারী শাহ আলী থানায় মামলা করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, প্রায় ১৭ বছর ধরে তিনি শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন এবং ওরসের সময় ভক্তদের সহযোগিতা করেন।

তার অভিযোগ, গত ১৪ মে রাত ১২টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর হামলা চালায়। এ সময় মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয় এবং বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495