শাহবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলা: ইমিসহ তিনজন কারাগারে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:১৮ পিএম
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার স্লোগান ’৭১-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং সংগঠনটির নেতা আব্দুল আল মামুন।
এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম। আবেদনের পর আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ৩টার দিকে শাহবাগ থানাধীন শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য জড়ো হয়ে মাইকে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালানোর চেষ্টা করার সময় স্থানীয়দের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকতকে আটক করা হয়।
পরে একই দিন রাত প্রায় ৯টা ২০ মিনিটে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হন।
এ সময় শাহবাগ থানা মসজিদে তারাবির নামাজ চলছিল। অভিযোগ রয়েছে, তারা মসজিদের দিকে মুখ করে লাউডস্পিকারে উসকানিমূলক স্লোগান দেন। পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করেন। এ সময় পুলিশি কাজে বাধা দেওয়া এবং থানা হেফাজত থেকে আটক আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ ওঠে।
পরে ডাকসু প্রতিনিধি এ বি যুবায়ের এবং মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় রবিবার পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।