রেলে কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ, তদন্তে নেমেছে দুদক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম
পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় প্রায় ৪ কোটি টাকার অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে—২০২১-২২ অর্থবছরে পাথর ও অন্যান্য রেলওয়ে সরঞ্জাম কেনায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।
বুধবার দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট দল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করে।
দলের প্রধান আমীর হোসেন বলেন, “অডিট রিপোর্টে দেখা গেছে—২০২১-২২ অর্থবছরে রেল ট্র্যাকের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রপাতি, পরিস্কার-পরিচ্ছন্নতার উপকরণ, প্রিন্টার, ওয়াকি-টকি ব্যাটারি, টেলিভিশন, পোশাক, ফ্লোর ম্যাট ও কাগজসহ বেশ কিছু ক্রয় আইটেমের খরচ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, “২০২১ সালে যেসব অডিট আপত্তি তোলা হয়েছিল, রেলওয়ে কর্তৃপক্ষ এখনো তা নিষ্পত্তি করেনি। তাই তদন্ত শুরু করা হয়েছে। সংগ্রহ করা নথি যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল করা হবে।”
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফারিদ আহমেদ বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। আগের কোনো অনিয়মের বিষয়ে অবগত নই। দুদক দল ২০২১-২২ অর্থবছরের ক্রয়সংক্রান্ত নথি চেয়েছিল, আমরা সব সরবরাহ করেছি। তারা তাদের নিয়মে যাচাই করছে।”
রেলওয়ের ক্রয় খাতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ থাকলেও এবার সরাসরি দুদকের তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।