দেশে প্রথমবার কলমসদৃশ আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রথমবারের মতো কলমের মতো দেখতে এক বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার হওয়া এই অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলের ওপর গুলিবর্ষণের ঘটনায় এই অস্ত্র ব্যবহৃত হয়েছিল। ওইদিন রাতে পার্কে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এক গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় এই ‘পেনগান’। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, অস্ত্রটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, আকারে ছোট হওয়ায় এটি সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে বহন করা যায়। তাই সাধারণ তল্লাশিতে ধরা পড়া প্রায়শই কঠিন। স্বল্প দূরত্বে গুলি ছোড়ার জন্য তৈরি এই ক্ষুদ্র অস্ত্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন পাওয়া যায়নি। ফলে এর উৎস নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে দেশে এসেছে। রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি।

লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, অস্ত্রটি কীভাবে দেশে প্রবেশ করেছে এবং কারা এর সরবরাহে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495