৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী 'কোটিপতি মানিক' গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মো. মানিক ওরফে ‘কোটিপতি মানিক’ (৩৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মানিক কুরগাঁও (পুরাতন পাড়া) এলাকার মৃত আইয়ুব আলী পাঠানের ছেলে।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, মানিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগে ৮টি মাদক মামলা এবং একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৪৭) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।