‘ইলিশের বাড়ি চাঁদপুর’ পেজের ফাঁদ, ভুয়া পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

মো. সাব্বির মামুন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ফেসবুকে সস্তায় ইলিশের ডিম বিক্রির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামের একটি পেজ ব্যবহার করে তারা ধাপে ধাপে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়াতে চক্রটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স এবং কুরিয়ার সার্ভিস RedX-এর পরিচয় ব্যবহার করছে। এমনকি ডেলিভারি এজেন্ট পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, প্রতারণার প্রথম ধাপে ক্রেতাদের কাছ থেকে ৫০০ বা ১০০০ টাকা অগ্রিম নেওয়া হয়। এরপর ‘পেমেন্ট সিস্টেমে সমস্যা’ দেখিয়ে আরও ১৯৯৯ টাকা বা ৫২০ টাকা ‘ওয়েবসাইট এজেন্ট কানেক্ট’ ফি হিসেবে দাবি করা হয়।

সন্দেহ দেখা দিলে প্রতারকরা দ্রুত চ্যাটবক্সে এনআইডি ও ট্রেড লাইসেন্সের ছবি পাঠিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য প্রমাণ করার চেষ্টা করে। পাশাপাশি ভুয়া কুরিয়ার আইডি দেখিয়ে আশ্বস্ত করে।

এক ভুক্তভোগী জানান, “আমি প্রথমে ১০০০ টাকা পাঠানোর পর তারা বলে ভুল অ্যামাউন্ট গেছে, আবার ৯৯৯ টাকা পাঠাতে হবে। পরে টাকা ফেরতের কথা বলে আরও টাকা নিতে থাকে। শেষ পর্যন্ত বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি।”

প্রতারকরা হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠিয়ে ‘বিশ্বাস করেন’, ‘আল্লাহর কসম’- এ ধরনের আবেগী কথা বলে গ্রাহকদের আরও টাকা দিতে প্রলুব্ধ করে। শেষ ধাপে তারা দাবি করে, টাকা ফেরত পেতে হলে অতিরিক্ত অর্থ দিয়ে ‘নাম্বার কানেক্ট’ করতে হবে, না হলে সব টাকা আটকে যাবে।

এ বিষয়ে কুরিয়ার প্রতিষ্ঠান রেডএক্সের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মাছ, মাংস বা মাছের ডিম ডেলিভারির কোনো সেবা তাদের নেই। এছাড়া কুড়িগ্রাম থেকে আব্দুর রাজ্জাক নামে কোনো ডেলিভারি কর্মী তাদের প্রতিষ্ঠানে নেই বলেও তারা নিশ্চিত করেছে। কোম্পানির নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে লেনদেনের আগে অবশ্যই প্রতিষ্ঠানের প্রকৃত ঠিকানা, সেবার ধরন এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা যাচাই করা উচিত। সন্দেহজনক অফার বা অতিরিক্ত কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495