মেয়ে সেজে ছাত্রীদের সঙ্গে প্রেম করতেন ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
রাজধানীতে নারী সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের টার্গেট করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (২৫) নামের এক সিরিয়াল ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পরে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।
পুলিশের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা রাব্বি ফেসবুকে নারীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে মিরপুর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করত। সে নারী কণ্ঠে কথা বলে ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত।
পরবর্তীতে ‘উপহার দেওয়া’ বা ‘ফ্যামিলি মিটআপ’-এর কথা বলে তাদের যাত্রাবাড়ীর দনিয়া ও বর্ণমালা স্কুল সংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে ডেকে নিত। সেখানে পৌঁছানোর পর ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করত এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করত।
পুলিশ জানায়, পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ভুক্তভোগীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত এবং তাদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করত। অনেকের মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত দুই মাসে অন্তত ১৩ জন তরুণীকে একই কৌশলে নির্যাতন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ১০টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া তদন্তে জানা গেছে, রাব্বি এতটাই কৌশলী ছিল যে, সে একই পদ্ধতিতে তার বর্তমান স্ত্রীকেও ফাঁদে ফেলে বিয়ে করেছিল।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। আরও তথ্য উদঘাটনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
পুলিশের ধারণা, এই ঘটনায় আরও অনেক ভুক্তভোগী থাকতে পারে। কেউ ভুক্তভোগী হয়ে থাকলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।