বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেন, একটি ‘বট বাহিনী’ তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার ও ট্রল চালাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এই বট বাহিনী তার নামে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে এমন হাস্যকর গুজবও ছড়ানো হয়েছে। শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘নকল প্রতিরোধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না এবং কোন বিষয়ে পরীক্ষা হবে তা পরীক্ষার হলে জানানো হবে’ এমন দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ফেল করলেই এমপিও বাতিল’ এমন গুজবও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। অথচ তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানে জিরো পাস হলেও এমপিও বাতিল করা হবে না। কিন্তু তা বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।
তিনি মন্তব্য করেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেন দেশ ফেসবুকেই পরিচালিত হচ্ছে।