নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, তাদের বদলির জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। পাশাপাশি প্রধান শিক্ষকসহ অন্যান্য পদেও বদলির ব্যবস্থা চালু করা যাবে।
তিনি আরও জানান, সফটওয়্যারটি এখনও প্রস্তুত প্রক্রিয়ায় রয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় পর্যালোচনার পর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।
আলোচনাসভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে বদলির মাধ্যমে দ্রুত সেখানে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে। নতুন নীতিমালার আওতায় কর্মচারী থেকে শিক্ষক সবার জন্য একই কাঠামোতে বদলি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
এ উদ্দেশ্যে একটি সমন্বিত সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।