প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত চেয়ে আইনি নোটিশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার জনস্বার্থে মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব) ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার নোটিশটি প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৬-এ সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পৃথক কোটা নির্ধারণ করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এতে ৮০ শতাংশ বৃত্তি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ২০ শতাংশ বেসরকারি শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যা মেধাভিত্তিক মূল্যায়নের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়।

এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে, যা একক মেধার ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশদাতারা বলেন, এ ধরনের বিধান সংবিধানের সমতা ও বৈষম্যবিরোধী নীতির পরিপন্থী এবং এটি অযৌক্তিক শ্রেণিবিভাজন তৈরি করছে। তারা আরও উল্লেখ করেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি কার্যক্রম ইতোমধ্যে চালু রয়েছে। ফলে মেধাভিত্তিক পরীক্ষায় পুনরায় প্রাতিষ্ঠানিক কোটা আরোপ অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ।

নোটিশে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখা, নীতিমালার সংশ্লিষ্ট ধারা পুনর্বিবেচনা এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495