বিশ্ব গাধা দিবস আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্ব গাধা দিবস আজ। পৃথিবীর সকল প্রাণীর কাজের স্বীকৃতি থাকা উচিত—এই ভাবনা থেকেই ২০১৮ সাল থেকে প্রতি বছর ৮ মে দিনটি পালন করা হচ্ছে। এই দিবসের মূল লক্ষ্য হলো গাধার অবদান স্মরণ করা এবং পরিশ্রমী এই প্রাণীটির প্রতি জনসচেতনতা বৃদ্ধি করা।

দিবসটি উদযাপনের মাধ্যমে গাধার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করার পাশাপাশি এর সুরক্ষা ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও এনজিও গাধার খাদ্য, চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিয়ে থাকে।

মানুষের দৈনন্দিন জীবনে গাধার ভূমিকা দীর্ঘদিনের। পণ্য পরিবহন, কৃষিকাজ, নির্মাণকাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত নানা ক্ষেত্রে এই প্রাণী গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। এমনকি গ্রামাঞ্চলে এখনো জমি চাষ ও ভার বহনের কাজে গাধার ব্যবহার দেখা যায়।

গবেষণা বলছে, গাধা কোনোভাবেই বোকা প্রাণী নয়; বরং এটি অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং কর্মঠ। তাদের রয়েছে শক্তিশালী স্মৃতিশক্তি, যা দিয়ে বহু বছর আগের স্থান ও অন্য গাধাকেও চিনতে পারে তারা। পাশাপাশি গাধা আত্মরক্ষায় দক্ষ এবং সহজে ভয় পায় না, ফলে জোর করে কাজ করানোও কঠিন।

খামারে পালন করা অন্যান্য পশুর তুলনায় গাধা অনেক ক্ষেত্রে রক্ষকের ভূমিকা পালন করে। শিকারি প্রাণীর উপস্থিতি টের পেলে তারা সতর্ক সংকেত দিয়ে অন্য পশুদের রক্ষা করে থাকে। এ কারণে অনেক পশুপালক শক্তিশালী গাধাকেই দলের নেতৃত্বে রাখেন।

এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, গাধা কোনো তুচ্ছ প্রাণী নয়; বরং এটি প্রকৃত অর্থেই এক পরিশ্রমী ও উপকারী সঙ্গী প্রাণী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495