অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গেই সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলে তা কার্যকর করা হয়।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন অভিনন্দন জানিয়ে বিলবোর্ডে তার ছবি ব্যবহার না করে। এর আগে কয়েক দিন আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি পর্দায় অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে সেটিও তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। সরকারি কাজের প্রচারের পরিবর্তে ব্যক্তিগত স্তুতি প্রচারকে তিনি নিরুৎসাহিত করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে কার্যালয়ে পৌঁছে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। জলদস্যুতা, মানবপাচার ও অবৈধ চোরাচালান রোধে নিয়মিত টহল বাড়ানোর তাগিদ দেন।
দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সামুদ্রিক সীমানায় অস্থিতিশীলতা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এদিকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে ইতিবাচক চিত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ প্রটোকল ছাড়াই সাধারণ ট্রাফিক সংকেত মেনে চলায় যানবাহনের গড় গতি বৃদ্ধি পেয়েছে।
গত ১৪ দিনের হিসাবে রাজধানীর গড় গতিবেগ ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সংকেতে দাঁড়িয়ে উদাহরণ স্থাপন করায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরাও একই নিয়ম অনুসরণ করছেন, যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।
বাজার পরিস্থিতি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী। প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর তিনি খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ফলে খুচরা বাজারে চালের দামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানানো হয়।
জনদুর্ভোগ কমাতে কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।