কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহতরা হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ফলে বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং এতে চার বাংলাদেশি প্রবাসী আহত হন।
এদিকে, উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা, বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার সকাল থেকে হঠাৎ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
শুধু ইসরায়েলেই নয়, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইরান। এর অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের টার্মিনাল-১ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন।